সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি, প্রেসক্লাবের প্রতিবাদ
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম
বক্তব্য চাইলে ক্ষিপ্ত হওয়া, ফোন না ধরা এবং সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণের অভিযোগ উঠেছে সাতক্ষীরার জেলা প্রশাসক কাওসার আজিজের বিরুদ্ধে। এসব ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব।

ভেরিক্সা নিউজ ডেস্ক
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশ: ৬:৪০ পিএম
সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ, ফোন না ধরা, ক্যামেরার সামনে বক্তব্য দিতে অস্বীকৃতি এবং অপমানজনক আচরণের অভিযোগ উঠেছে জেলা প্রশাসক কাওসার আজিজের বিরুদ্ধে।
এসব অভিযোগের প্রতিবাদে শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাহী কমিটির সদস্যরা জেলা প্রশাসকের কথিত অপেশাদার ও অসহযোগিতামূলক আচরণের নিন্দা জানান।
প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আকরামুল ইসলামের অভিযোগ, আত্মগোপনে থাকা হত্যা মামলার এক আসামি কীভাবে কলারোয়া উপজেলা ভূমি অফিসে জমিসংক্রান্ত মামলা পরিচালনা করছেন—এ বিষয়ে বক্তব্য নিতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যান।
আকরামুল ইসলাম দাবি করেন, প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাকে চাকরি নিয়ে হুমকি দেওয়া হয় এবং সঙ্গে থাকা ক্যামেরাপার্সনের ধারণ করা ভিডিও পরীক্ষা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাভিশন ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান অভিযোগ করেন, দুটি বেসরকারি ক্লিনিকে অভিযানের বিষয়ে তথ্য চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে গেলে সাংবাদিকদেরই ভর্ৎসনা করা হয় বলে দাবি করেন তিনি।
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের সাংবাদিক এম বেলাল হোসাইনের অভিযোগ, সংবাদসংক্রান্ত বক্তব্য নিতে জেলা প্রশাসককে ফোন করলে সাংবাদিক পরিচয় জানার পর তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বক্তব্য দেওয়া তার দায়িত্ব নয় বলে ফোন রেখে দেন। জেলার আরও কয়েকজন সাংবাদিকও একই ধরনের আচরণের অভিযোগ করেছেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম বলেন, জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদ করতে গিয়ে অতীতে কোনো জেলা প্রশাসকের কাছ থেকে সাংবাদিকেরা এমন অসহযোগিতা পাননি। জেলা প্রশাসক রাষ্ট্রের প্রতিনিধি হওয়ায় তার কাছ থেকে পেশাদার ও জবাবদিহিমূলক আচরণ প্রত্যাশিত।
তিনি সাংবাদিকদের সঙ্গে এমন আচরণকে অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ফটো গ্যালারি

- #ভেরিক্সা নিউজ
- #Verixa News
- #সাতক্ষীরা
- #জেলা প্রশাসক
- #কাওসার আজিজ
- #সাতক্ষীরা প্রেসক্লাব
- #সাংবাদিক
- #গণমাধ্যম
- #প্রতিবাদ
- #বাংলাদেশ
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






