লোডশেডিংয়ে জনরোষ, পুলিশের নিরাপত্তা চাইল ৮০ পল্লী বিদ্যুৎ সমিতি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:১২ পিএম
তীব্র লোডশেডিং ঘিরে জনরোষ ও হামলার আশঙ্কায় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির অফিস ও উপকেন্দ্রে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।

ভেরিক্সা নিউজ ডেস্ক
বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশ: রাত ১১:০৫ মিনিট
জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সারা দেশে বেড়েছে লোডশেডিং। এ পরিস্থিতিতে জনরোষ ও হামলার আশঙ্কায় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় এবং গ্রিড উপকেন্দ্রের নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক বরাবর এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, জ্বালানি সংকট ও তীব্র তাপদাহের কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে প্রয়োজনের তুলনায় বিদ্যুতের সরবরাহ কমে গেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
কয়েকটি এলাকায় পল্লী বিদ্যুতের অফিস ও উপকেন্দ্রে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশে প্রায় ৫ কোটি ২০ হাজার বিদ্যুৎ গ্রাহকের মধ্যে প্রায় ৪ কোটি গ্রাহককে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো সেবা দিয়ে থাকে। এটি দেশের মোট বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৮০ শতাংশ।
দেশে উৎপাদিত বিদ্যুতের প্রায় ৬০ শতাংশ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় সরবরাহ করা হয়। তবে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে না। জাতীয় পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ থেকে পাওয়া বরাদ্দ অনুযায়ী তারা গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহ করে।
চিঠির তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর গড় চাহিদা ছিল প্রায় ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট। এর বিপরীতে গড়ে মাত্র ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যাচ্ছে।
চাহিদা ও বরাদ্দের মধ্যে বড় ঘাটতি থাকায় দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন ৮, ১০ কিংবা ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
বিভিন্ন স্থানে ক্ষুব্ধ মানুষ পল্লী বিদ্যুতের অফিস ও উপকেন্দ্রে হামলা এবং ভাঙচুর করছেন বলে অ্যাসোসিয়েশন জানিয়েছে। এতে সংশ্লিষ্ট উপকেন্দ্র এবং সেখানে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন।
এ অবস্থায় দেশের প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড উপকেন্দ্র ও কার্যালয়ের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।
ফটো গ্যালারি

- #ভেরিক্সা নিউজ
- #Verixa News
- #লোডশেডিং
- #পল্লী বিদ্যুৎ
- #বিদ্যুৎ সংকট
- #জ্বালানি সংকট
- #পুলিশ
- #জনরোষ
- #বিদ্যুৎ উপকেন্দ্র
- #বাংলাদেশ
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






