অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০১:৫২ পিএম
বাংলাদেশে অবস্থানরত ৩ হাজার ১১২ ভারতীয় নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়েছে। তাদের দ্রুত ভিসা নবায়ন অথবা নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছে পুলিশের বিশেষ শাখা।

ভেরিক্সা নিউজ ডেস্ক
সোমবার, ১০ আগস্ট ২০২৬
ছবি: আমার দেশ
বাংলাদেশে বৈধভাবে বসবাস করছেন ১৮ হাজার ৪৫৩ জন ভারতীয় নাগরিক। তবে তাদের মধ্যে ৩ হাজার ১১২ জনের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এরপরও বিভিন্ন অজুহাতে দেশে অবস্থান করায় তারা এখন অবৈধ নাগরিক হিসেবে বিবেচিত হচ্ছেন।
পুলিশের বিশেষ শাখা বা এসবি এসব ভারতীয় নাগরিককে দ্রুত বাংলাদেশ ত্যাগ অথবা যথাযথ আইনি প্রক্রিয়ায় ভিসা নবায়নের নির্দেশনা দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নবায়ন না করলে তাদের নিজ দেশে ফিরে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলে জানিয়েছে সংস্থাটি।
তথ্য অনুযায়ী, ভিসার মেয়াদ উত্তীর্ণ ভারতীয় নাগরিকদের একটি বড় অংশ তৈরি পোশাক ও বস্ত্রশিল্প, বহুজাতিক কোম্পানি, তাপবিদ্যুৎ কেন্দ্র, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বায়িং হাউস, এনজিও, লজিস্টিকস ও প্রকৌশল খাতে কর্মরত। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং বেসরকারি খাতের উদ্যোক্তা হিসেবেও কেউ কেউ কাজ করছেন।
বিভিন্ন বেসরকারি গবেষণা ও থিংক ট্যাংক সংস্থার দাবি, বৈধভাবে বসবাসরত নাগরিকদের বাইরেও কয়েক লাখ ভারতীয় বাংলাদেশে অবস্থান করছেন। পর্যটক কিংবা অন-অ্যারাইভাল ভিসায় এসে মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যাওয়ায় অবৈধ কর্মীর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে তাদের ধারণা।
এসব সংস্থার আরও দাবি, অবৈধভাবে কর্মরত বিদেশি নাগরিকদের অনেকেরই কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন সনদ নেই। তাদের মাধ্যমে প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ৪৯ হাজার কোটি টাকা অনানুষ্ঠানিক পথে ভারতে পাঠানো হয় বলেও দাবি করা হয়েছে। তবে এই আর্থিক হিসাবের বিষয়ে কোনো বিস্তারিত সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।
অভিযোগ রয়েছে, বিদেশি নাগরিকেরা অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করায় যোগ্য ও দক্ষ বাংলাদেশি নাগরিকেরা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে দেশে অবস্থানরত বিদেশিদের ভিসা ও কর্মসংস্থান-সংক্রান্ত তথ্য নতুন করে যাচাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশের বিশেষ শাখা জানিয়েছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ইতোমধ্যে বার্তা দেওয়া হয়েছে। দ্রুত দেশত্যাগ না করলে যথাযথ প্রক্রিয়ায় ভিসা নবায়ন করতে হবে। এর কোনোটিই না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এসবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অবৈধভাবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—বৈধ কাগজপত্র না থাকলে দ্রুত নিজ দেশে ফিরে যেতে হবে। এ ক্ষেত্রে কোনো অজুহাত গ্রহণ করা হবে না।
নিরাপত্তা বিশেষজ্ঞ এয়ার কমডোর (অব.) ইশফাক এলাহি চৌধুরী বলেন, অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের চিহ্নিত করে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশাসনকে কঠোর উদ্যোগ নিতে হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রবেশের জন্য বিদেশি নাগরিকদের ৩৩ ধরনের ভিসা দেওয়া হয়। তবে ভিসা অন অ্যারাইভাল ও ব্যবসায়িক ভিসায় আসা অনেক বিদেশির মধ্যে মেয়াদ শেষ হওয়ার পরও দেশে অবস্থান করার প্রবণতা বেশি।
প্রচলিত নিয়ম অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর প্রথম ১৫ দিন প্রতিদিন এক হাজার টাকা জরিমানা দিয়ে কোনো বিদেশি নাগরিক দেশে অবস্থান করতে পারেন। ১৫ দিনের পর থেকে ৯০ দিন পর্যন্ত প্রতিদিন দুই হাজার টাকা এবং ৯০ দিনের বেশি হলে প্রতিদিন তিন হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। নির্ধারিত জরিমানা সরকারি কোষাগারে জমা দিয়ে তারা দেশত্যাগ করতে পারেন।
সূত্র জানায়, গত ১৫ বছরে ব্যবসা, বিনিয়োগ ও পর্যটনসহ বিভিন্ন ভিসায় বিপুলসংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশে এসেছেন। তাদের অনেকের পাসপোর্ট ও ভিসার তথ্য হালনাগাদ হয়নি। কেউ নতুন ভিসা নিলেও ইমিগ্রেশন ব্যবস্থায় তথ্য অন্তর্ভুক্ত না হওয়ার ঘটনাও রয়েছে। এসব তথ্য হালনাগাদের কাজ চলছে।
এসবির এক কর্মকর্তা জানান, গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত এক ভারতীয় টেক্সটাইল প্রকৌশলীর ভিসার মেয়াদ অনেক আগে শেষ হলেও তিনি নবায়ন করেননি। তথ্য যাচাইয়ের পর তাকে দ্রুত ভিসা নবায়ন অথবা বাংলাদেশ ত্যাগ করতে বলা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কারখানার মালিককেও জানানো হয়েছে।
তবে চলমান কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে ভারতীয় নাগরিকেরা কর্মরত থাকায় তাদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠালে প্রকল্পের অগ্রগতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের আগে ভিসা নবায়নের সুযোগ দেওয়া হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্র, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে কর্মরত মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদেরও প্রয়োজনীয় কাগজপত্র বৈধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিনিয়োগকারী ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
অবৈধভাবে দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৬৪’-এর অধীনে সংশ্লিষ্ট আদালতে মামলা করার বিধান রয়েছে। তবে আইন প্রয়োগের দুর্বলতার সুযোগ নিয়ে অনেক বিদেশি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থান করছেন বলে সংশ্লিষ্টদের অভিযোগ।
ভারতীয় নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের অবৈধ নাগরিকদের চিহ্নিত করতেও রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় কাজ করছে এসবির একাধিক দল।
এসবির তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে মোট ৮৩ হাজার ৬৮২ জন বিদেশি নাগরিক বৈধভাবে বসবাস করছেন।
ফটো গ্যালারি

- #ভেরিক্সা নিউজ
- #Verixa News
- #ভারতীয় নাগরিক
- #অবৈধ বিদেশি
- #ভিসার মেয়াদ
- #পুলিশের বিশেষ শাখা
- #বাংলাদেশ
- #ভারত
- #বিদেশি কর্মী
- #ইমিগ্রেশন
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






