প্রবাসীর স্ত্রীর ওপর হামলা-ভাঙচুরের অভিযোগে কালীগঞ্জে কৃষক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:৫৬ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জে এক ওমানপ্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর এবং তার স্ত্রীকে মারধরের অভিযোগে চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিনে তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল।

ভেরিক্সা নিউজ ডেস্ক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশ: ৮:৫০ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জে এক ওমানপ্রবাসীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং তার স্ত্রীকে মারধরের অভিযোগে চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহ আলম উপজেলার দুহুলী গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে হামলার ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য, দুহুলী এলাকার ওমানপ্রবাসী মো. মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
এর জের ধরে মঙ্গলবার দুপুরে শাহ আলম ও তার সঙ্গে থাকা কয়েকজন লাঠিসোঁটা নিয়ে মান্নানের বসতবাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ করা হয়।
এ সময় ভাঙচুরে বাধা দিতে গেলে মান্নানের স্ত্রী রোজিনা বেগমকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর রোজিনা বেগম বাদী হয়ে শাহ আলমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেপ্তার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করা হয় এবং অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মামলার অপর আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগের বিষয়টি জানাজানি হওয়ার পর বুধবারই শাহ আলমকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদ।
সংগঠনের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ফটো গ্যালারি

ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






