বিয়ের রাতেই ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বরের
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বৌভাতের প্রস্তুতির সময় স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভেরিক্সা নিউজ ডেস্ক
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশ: ৬:২৬ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে আনাসের সঙ্গে ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাইরা খাতুনের বিয়ে হয়।
বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নববধূ সাইরাকে আনাসের বাড়িতে তুলে আনা হয়। শুক্রবার দুপুরে বৌভাতের আয়োজনের কথা ছিল।
এ উপলক্ষে রাতে বাড়িতে প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ চলছিল। আনাস নিজেই এসব আয়োজনের তদারকি করছিলেন।
একপর্যায়ে প্যান্ডেলে থাকা একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনাসের আকস্মিক মৃত্যুতে মুহূর্তেই বিয়ের আনন্দের বাড়ি শোকের বাড়িতে পরিণত হয়।
স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েন নববধূ সাইরা খাতুন। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আনাসের বাবা ইউসুফ আলী বলেন, বিকেলে তার ছেলে নববধূকে নিয়ে আনন্দের সঙ্গে বাড়িতে ফিরেছিলেন। শুক্রবার বৌভাত উপলক্ষে অতিথিদের আপ্যায়নের সব প্রস্তুতিও শেষ করা হয়েছিল।
তিনি আক্ষেপ করে বলেন, এত আয়োজনের মধ্যেই তার ছেলে আর সেই অনুষ্ঠানে থাকতে পারল না।
হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিলন হোসেন বলেন, শুক্রবার বৌভাতের প্রস্তুতি চলছিল। এর আগেই এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটিতে শোক নেমে আসে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
ফটো গ্যালারি

ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






