ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:২৭ পিএম
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত নয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

ভেরিক্সা নিউজ ডেস্ক
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের যাত্রী কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরীনা লক্ষ্মীপুর গ্রামের সাইফুল ইসলাম (৫০), কুলিয়ারচরের সাফি মিয়াসহ কয়েকজন নিহত হন।
গুরুতর আহত অবস্থায় ঢাকা বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের তিন বছর বয়সী মেয়ে জাইফা ইসলাম এবং সিলেট নগরের সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতমকে (২২) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়ায়।
দুর্ঘটনায় নুরুন নাহার (২৪), মো. মফিজ মিয়া (২৯), ফারুক মিয়া (২৯), মুক্তার (২৯), জাহাঙ্গীর (৩০), আফরুজা (২৯), আফজাল ও বাবুলসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত কয়েকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসমানীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তাজপুর স্টেশনের কর্মকর্তা অপু মিয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোস্তফা জানান, দুর্ঘটনার পর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকাজ শেষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত ইউনিক পরিবহন ও বেঙ্গল স্লিপার কোচের বাস দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
ফটো গ্যালারি

- #ভেরিক্সা নিউজ
- #Verixa News
- #ওসমানীনগর
- #সিলেট
- #ঢাকা-সিলেট মহাসড়ক
- #কাশিকাপন
- #ইউনিক পরিবহন
- #বেঙ্গল স্লিপার কোচ
- #বাস দুর্ঘটনা
- #মুখোমুখি সংঘর্ষ
- #সড়ক দুর্ঘটনা
- #নিহত ৯
- #Osmaninagar
- #Sylhet
- #Dhaka Sylhet Highway
- #Bus Collision
- #Road Accident
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






