অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, ৫ দিন পর আখক্ষেতে মিলল মরদেহ; গ্রেপ্তার ৩
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৫৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক রুমনকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর পুটিমারী বিলের একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশা, হত্যায় ব্যবহৃত হাসুয়া ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

ভেরিক্সা নিউজ ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশ: ৭:৫৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক রুমনকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য জানান।
গ্রেপ্তার তিনজন হলেন ওয়াসিম, রফিকুল আলম ও উমর ফারুক।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশা, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
নিহত রুমন (২৩) শিবগঞ্জ উপজেলার মোহনবাগ এলাকার বাসিন্দা।
পুলিশের ভাষ্য, গত ২১ আগস্ট ভোরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রুমন।
এরপর পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
তদন্তে পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে ওয়াসিম ও রফিকুল আলমকে আটক করে।
পুলিশ দাবি করেছে, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে রুমন হত্যার তথ্য পাওয়া যায়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উমর ফারুকের বাড়ি থেকে রুমনের অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, রুমনকে হত্যার পর তার অটোরিকশাটির আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও সেটি ৭০ হাজার টাকায় উমর ফারুকের কাছে বিক্রি করা হয়েছিল।
ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পুটিমারী বিল এলাকার একটি আখক্ষেত থেকে রুমনের ক্ষতবিক্ষত ও গলিত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পরনের পোশাক, বেল্ট, স্যান্ডেল ও মোবাইল ফোন দেখে রুমনের স্ত্রী মরদেহ শনাক্ত করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতেই পরিকল্পিতভাবে রুমনকে হত্যা করা হয়েছিল।
মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন, হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
ফটো গ্যালারি

ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






