লাইভ
বাংলাদেশ৪৫ দিন আগে

রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় ২১৮ কোটি টাকা অনুদানের ঘোষণা অস্ট্রেলিয়ার

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৩:২৪ পিএম

রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর মানবিক সহায়তায় ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদান দেবে অস্ট্রেলিয়া। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২১৮ কোটি টাকা।

রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় ২১৮ কোটি টাকা অনুদানের ঘোষণা অস্ট্রেলিয়ার
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

০৩ আগস্ট ২০২৬, সোমবার, দুপুর ৩:১০

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২১৭ কোটি ৮২ লাখ টাকা।

সূত্র জানিয়েছে, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে।

সোমবার বাংলাদেশ সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতিবিষয়ক সহকারী মন্ত্রী ও আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে এই অনুদানের ঘোষণা দেওয়া হয়।

ইউএনএইচসিআর সোমবার দুপুরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থাটি জানিয়েছে, বৈশ্বিক মানবিক সহায়তায় অর্থসংকট ও অনিশ্চয়তার মধ্যেও অস্ট্রেলিয়ার এই বহুবর্ষী ও নমনীয় অর্থায়ন রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যক সেবা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই অর্থের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং অন্যান্য প্রয়োজনীয় মানবিক সেবা পরিচালনা করা হবে।

অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বলেন, ‘অস্ট্রেলিয়া এই অঞ্চলের সবচেয়ে বড় মানবিক সংকটগুলো মোকাবিলায় সহায়তা দিয়ে যাচ্ছে। এই সহায়তা অঞ্চলটিকে আরও নিরাপদ, স্থিতিশীল ও সহনশীল করে তুলতে ভূমিকা রাখছে।’

মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

জুলিয়ান হিল বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চান। তবে তাঁদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে। সংকটের মূল কারণগুলোর সমাধান ছাড়া এমন প্রত্যাবর্তন সম্ভব নয়।

বাংলাদেশে ইউএনএইচসিআরের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জুলিয়েট মুরেকেয়িসোনি বলেন, প্রায় নয় বছর পর বিশ্বের বিভিন্ন স্থানে নতুন নতুন মানবিক সংকট সামনে আসায় রোহিঙ্গা সংকটটি বৈশ্বিক মনোযোগ থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার ধারাবাহিক সহায়তা একটি শক্তিশালী বার্তা দেয় যে বিশ্ব এখনো রোহিঙ্গাদের ভুলে যায়নি।’

জুলিয়েট মুরেকেয়িসোনি আরও বলেন, ‘আমি যেসব শরণার্থীর সঙ্গে কথা বলি, তাঁদের প্রত্যেকেই নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার আশা প্রকাশ করেন।’

মিয়ানমারে পূর্ণ নাগরিকত্বের নিশ্চয়তাসহ স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের পাশে থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইউএনএইচসিআর জানিয়েছে, ২০১৭ সালে মিয়ানমারে ব্যাপক সহিংসতা ও নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা বর্তমানে প্রায় ১২ লাখ। তাঁদের অধিকাংশই কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে বসবাস করছেন এবং দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রায় পুরোপুরি মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

সংস্থাটির মতে, দীর্ঘদিনের অর্থসংকটের কারণে রোহিঙ্গা নারী, কন্যাশিশু, প্রতিবন্ধী ব্যক্তি ও বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

২০২৪ সাল থেকে নতুন করে আরও দেড় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাঁদের অনেকেই এখনো পর্যাপ্ত আশ্রয়, পরিচ্ছন্ন রান্নার জ্বালানি এবং মৌলিক মানবিক সেবা থেকে বঞ্চিত।

সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে উন্নত জীবনের আশায় আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার সময় অন্তত ৯০০ রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন অথবা প্রাণ হারিয়েছেন।

ইউএনএইচসিআর মনে করে, তাৎক্ষণিক মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি রোহিঙ্গাদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণ করাও জরুরি।

দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সংহতি ও সহায়তা রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা, মর্যাদা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থাটি।

শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স
বাংলাদেশ

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স

ভোলার লালমোহনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ার পর আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে বোরহানউদ্দিনে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন আহত হলেও গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

৩ দিন আগে

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক
বাংলাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের ওপারে ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে আশাদুল হক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করে কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করেছে বিএসএফ। বিজিবি একজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত এখনো জানাতে পারেনি।

৫ দিন আগে

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ
বাংলাদেশ

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের আলিমনগর ঘাট থেকে ১২ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি নৌকা পদ্মা নদীতে ডুবে গেছে। তীব্র স্রোতে ১১ জন ভারতীয় জলসীমায় ভেসে গেলে বিএসএফ তাদের জীবিত উদ্ধার করে। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

৫ দিন আগে

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ
বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

সাতক্ষীরার উপকূলীয় সীমান্তের কালিন্দী নদী দিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দুপুরে খুরমী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

৬ দিন আগে

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা
বাংলাদেশ

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা

চট্টগ্রামের সন্দ্বীপের স্বাস্থ্য সহকারী রাশেদা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সে মারা গেছেন। এক মাস আগে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। চার বছর বয়সী বড় ছেলে ও এক মাস বয়সী নবজাতককে রেখে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

৬ দিন আগে

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির
বাংলাদেশ

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির

গাজীপুর সাফারি পার্ক থেকে ২০২৫ সালে চুরি হওয়া ডোরাকাটা লেজের দুই লেমুর ভারতের গুজরাতের বেসরকারি বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ভান্তারায় পৌঁছেছে বলে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে প্রাণী দুটিকে বাংলাদেশে ফিরিয়ে আনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় জেনেটিক তথ্যের ঘাটতি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৭ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন