‘ক্লিন হার্ট’ নয়, অপরাধ দমনে সমন্বিত অভিযান জোরদার করবে সরকার
আল আমিন খান, সাব এডিটরপ্রতিবেদকের বৃত্তান্ত দেখুনপ্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম
অপরাধ দমনে ‘অপারেশন ক্লিন হার্ট’ চালুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

ভেরিক্সা নিউজ ডেস্ক
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধবিরোধী অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে সরকার। তবে এ জন্য অতীতের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে একাধিক বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এ ধরনের অভিযান নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং প্রয়োজন অনুযায়ী তা আরও জোরদার করা হবে।
তিনি বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসারসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপরাধ দমনে ভবিষ্যতেও এ সমন্বিত ব্যবস্থা অব্যাহত থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলা বা অপরাধে জড়িয়ে পড়ার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তার ভাষ্য, কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে শুধু দায়িত্ব থেকে প্রত্যাহার করেই বিষয়টি শেষ করা হচ্ছে না। প্রয়োজন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি অপরাধের মামলা করা হচ্ছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনবল নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার ও ৬০ হাজার অঙ্গীভূত আনসার রয়েছেন। এ ছাড়া প্রায় ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রশিক্ষিত জনশক্তির সংখ্যা প্রায় ৬০ লাখ।
নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে আনসার-ভিডিপিকে দেশের সবচেয়ে বড় বাহিনী হিসেবে উল্লেখ করেন তিনি।
কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন সংকট কমাতে নতুন ডরমেটরি ও ব্যারাক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকার আশুলিয়া ও শেরেবাংলা নগরে অতিরিক্ত আবাসন সুবিধা তৈরির কাজও চলছে বলে তিনি জানান।
জাতীয় বিভিন্ন সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করে তাদের আর্থিক ও অন্যান্য দাবিদাওয়া পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়ে সরকারের অঙ্গীকারের কথাও বলেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বরে কোনো অপশক্তি অপতৎপরতা চালাতে পারবে—এমনটা সরকার বিশ্বাস করে না।
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






