ম্যাকবুকের লোকেশন রাজশাহীতে, তবু উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ব্যাগ
আল আমিন খান, সাব এডিটরপ্রতিবেদকের বৃত্তান্ত দেখুনপ্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ এএম
নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান নাগরিক ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগারের ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকা একটি ব্যাগ চুরি হয়েছে। রেলওয়ের কর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া এক যুবক ব্যাগটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে রেলওয়ে পুলিশ, তবে ব্যাগটি এখনো উদ্ধার হয়নি।

ভেরিক্সা নিউজ নাটোর প্রতিনিধি
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান নাগরিক ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগারের ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকা একটি ব্যাগ চুরি হয়েছে। ঘটনার একদিন পার হলেও ব্যাগটি এখনো উদ্ধার করতে পারেনি রেলওয়ে পুলিশ।
বুধবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে এ ঘটনা ঘটে।
ক্রিল জানান, বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে কাজ করতে তিনি বাংলাদেশে এসেছেন। বুধবার বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোরে পৌঁছান তিনি। সেখান থেকে দর্শনা হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার।
নাটোর স্টেশনের ওয়েটিং রুমে অবস্থানের সময় ২৪ থেকে ২৫ বছর বয়সী এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়।
ক্রিলের ভাষ্য, হলুদ রঙের কটি পরা ওই যুবক নিজেকে রেলের কর্মী বলে পরিচয় দেয় এবং কিছু সময়ের মধ্যে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে।
একপর্যায়ে সরল বিশ্বাসে ক্রিল ওই যুবকের কাছে ব্যাগ রেখে টিকিট কাটতে যান। ফিরে এসে দেখেন, যুবক ও ব্যাগ—দুটিই নেই।
চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ তার প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র ছিল।
পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় ক্রিল নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি জানান।
পুলিশ তার ম্যাকবুক ট্র্যাক করে ব্যাগের অবস্থান রাজশাহীতে দেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে রেলওয়ে পুলিশ বিষয়টি জেনে তাকে নাটোর থেকে রাজশাহীতে নিয়ে যায়।
শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন জানিয়েছেন, নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
ফুটেজে হলুদ কটি পরা এক যুবককে ক্রিলের সঙ্গে কথা বলতে দেখা গেছে। পরে ওই যুবক কটি খুলে ব্যাগ নিয়ে সরে যায় বলে জানান তিনি।
পুলিশের ধারণা, রেলের কর্মী পরিচয় দেওয়ার জন্যই যুবকটি হলুদ কটি পরেছিলেন।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, ব্যাগ উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






