শ্রীনগরে ড্রেজার বসিয়ে জমি ভরাট, যুবদল নেতার পাইপলাইন খুলে দিল প্রশাসন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার বসিয়ে কৃষিজমি ও পুকুর ভরাটের খবর পেয়ে পাইপলাইন খুলে দিয়েছে ভূমি প্রশাসন। স্থানীয়দের দাবি, ষোলঘর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মনির হোসেনের তত্ত্বাবধানে পূর্ব দেউলভোগ এলাকায় এ কার্যক্রম চলছিল। অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ভেরিক্সা নিউজ মুন্সীগঞ্জ প্রতিনিধি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার বসিয়ে কৃষিজমি ও পুকুর ভরাটের খবর পেয়ে অভিযান চালিয়েছে ভূমি প্রশাসন। ঘটনাস্থলে গিয়ে ড্রেজারের সঙ্গে যুক্ত পাইপলাইন খুলে দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ষোলঘর ইউনিয়নের পূর্ব দেউলভোগ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কিছুদিন আগে খৈয়াগাঁও এলাকার পূর্ব দেউলভোগ সড়কের পাশে একটি ড্রেজার সাব-স্টেশন স্থাপন করা হয়। দূর থেকে ড্রাম ট্রাকে করে বালু এনে সড়কের পাশে ফেলার পর পাইপলাইনের মাধ্যমে আশপাশের জমি ও পুকুরে তা নেওয়া হচ্ছিল।
এলাকাবাসীর দাবি, এই ভরাট কার্যক্রমের সঙ্গে ষোলঘর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মনির হোসেন জড়িত। তার তত্ত্বাবধানেই ড্রেজারের কার্যক্রম চলছিল বলে অভিযোগ করেছেন তারা।
বালুবাহী ভারী ড্রাম ট্রাক চলাচলের কারণে ষোলঘর-বীরতারা সড়কটিরও ক্ষতি হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে মনির হোসেনকে ড্রেজার ব্যবসায়ী হিসেবেও উল্লেখ করা হয়েছে। তার বড় ভাই পনির হোসেনকে একই ওয়ার্ডের যুবলীগ নেতা হিসেবে উল্লেখ করেছেন স্থানীয়রা।
ভরাট কার্যক্রমে স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ুনের সহযোগিতার অভিযোগও উঠেছে। তবে হুমায়ুন মেম্বার এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ড্রেজার কিংবা জমি ভরাটের কোনো ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
মনির হোসেনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ষোলঘর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, অবৈধ ড্রেজারের পাইপলাইন খুলে দেওয়া হয়েছে। তবে অভিযানের সময় ড্রেজারের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
ড্রেজারটি আবার চালু করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






